প্রিন্ট এর তারিখ : ২৩ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি বন্ধের হুমকি: পারমাণবিক স্থাপনায় হামলা হলে কঠোর জবাব দেবে ইরান
নিজস্ব প্রতিবেদক ||
নিজেদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে এ পাল্টা সতর্কবার্তা দিয়েছে তেহরান। খবর আল জাজিরা।রবিবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, দেশটির পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে কোনো হামলা হলে হরমুজ প্রণালি ‘সম্পূর্ণরূপে’ বন্ধ করে দেওয়া হবে এবং স্থাপনাগুলো পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত এই অবস্থা বহাল থাকবে।আইআরজিসি আরও হুঁশিয়ারি দিয়ে জানায়, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে ইসরায়েলের বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি অবকাঠামো ও তথ্যপ্রযুক্তি স্থাপনাগুলোর ওপর ব্যাপক পাল্টা হামলা চালানো হবে। পাশাপাশি, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন কোম্পানিগুলোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে।এছাড়া যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশের বিদ্যুৎ অবকাঠামোকেও সম্ভাব্য লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছে বাহিনীটি।প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই হরমুজ প্রণালিতে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরানের নিয়ন্ত্রণ কঠোর হওয়ায় দেশটির অনুমতি ছাড়া কোনো জাহাজ বা তেলবাহী ট্যাংকার এই গুরুত্বপূর্ণ রুট অতিক্রম করতে পারছে না। এর ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়েছে।ইরান স্পষ্ট করে জানিয়েছে, হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা তাদের সহযোগী কোনো দেশের জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে না। নিয়ম অমান্য করলে সরাসরি হামলার মুখে পড়তে হতে পারে।অন্যদিকে, প্রণালিটি সচল রাখতে ন্যাটো মিত্রদের যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে বর্তমান পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে অধিকাংশ দেশ এতে সাড়া দিতে অনীহা প্রকাশ করেছে
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর