প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬
নরসিংদীর রায়পুরায় নিখোঁজের একদিন পর নির্মাণাধীন ভবনের ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার
সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা প্রতিনিধি ||
নরসিংদীর রায়পুরা উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর প্রতিবেশীর নির্মাণাধীন ভবনের ছাদ থেকে আবদুর রহমান (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকালে উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।নিহত আবদুর রহমান উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামের মালয়েশিয়া প্রবাসী শক্কুর আলীর ছেলে। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত হয়ে পড়েছেন তার স্বজনরা।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরের পর থেকে শিশু আবদুর রহমান নিখোঁজ হয়ে যায়। বিকেল গড়িয়ে রাত হয়ে গেলেও পরিবারের সদস্যরা তাকে খুঁজে পাননি। পরে স্বজনরা এলাকাজুড়ে খোঁজাখুঁজি শুরু করেন এবং মাইকিং করে শিশুটির সন্ধান চাওয়া হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তার সন্ধান চেয়ে পোস্ট করা হয়। কিন্তু রাতভর খোঁজ করেও কোনো হদিস না মেলায় সন্তানের খোঁজে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।এদিকে রবিবার সকালে প্রতিবেশী ইদ্রিস মিয়ার নির্মাণাধীন একটি ভবনের ছাদে পানি দিতে যান তার স্ত্রী। সেখানে ছাদের এক কোণে একটি শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে তিনি বিষয়টি স্থানীয়দের জানান। পরে খবর পেয়ে নিহতের মা সুমি বেগম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তার ছেলে আবদুর রহমানের বলে শনাক্ত করেন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।খবর পেয়ে বাংলাদেশ পুলিশ এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের প্রস্তুতি নেয় এবং ঘটনাটি ঘিরে তদন্ত শুরু করে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশের পাশাপাশি সিআইসি (ক্রাইম সিন) টিম ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।নিহতের মা সুমি বেগম বলেন, “আমার সন্তান গতকাল দুপুর থেকে নিখোঁজ ছিল। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, কোথাও পাইনি। পরে থানায় জিডি করেছি। আজ সকালে প্রতিবেশীর নির্মাণাধীন ভবনের ছাদে আমার সন্তানের মরদেহ পাওয়া গেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই।”এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিশুটির মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। শিশুটির শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।তিনি আরও জানান, ঘটনাস্থলে ক্রাইম সিন টিমকে ডাকা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল এর মর্গে পাঠানো হবে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যেও নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ বলছে, তদন্তের মাধ্যমে শিশুটির মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর