প্রিন্ট এর তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বনানী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাফী আহম্মেদের খোলা চিঠি কমিশনার নির্বাচনে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের আহ্বান
বনানী প্রতিনিধি ||
ঢাকা: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর উদ্দেশে একটি খোলা চিঠি দিয়েছেন বনানী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নাফী আহম্মেদ। চিঠিতে তিনি অতীত রাজনৈতিক সংকটের অভিজ্ঞতা স্মরণ করিয়ে দিয়ে ভবিষ্যতে কমিশনার নির্বাচন প্রক্রিয়ায় ত্যাগী, আদর্শনিষ্ঠ ও পরীক্ষিত নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।চিঠিতে তিনি ওয়ান-ইলেভেন পরবর্তী সময়কে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের “অস্থির ও অন্ধকার অধ্যায়” হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সেই সময়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-কে তাঁর নিজ বাসভবন থেকে বের করে দেওয়া এবং গুলশান কার্যালয়ের সামনে ইট, পাথর ও বালুভর্তি ট্রাক দাঁড় করিয়ে কার্যত পথরোধ করার ঘটনা কেবল প্রশাসনিক পদক্ষেপ ছিল না; বরং তা ছিল গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত এবং রাজনৈতিক অপমানের দৃষ্টান্ত।তিনি উল্লেখ করেন, সে সময় ঢাকা সিটি করপোরেশন অবিভক্ত থাকলেও বিএনপি সমর্থিত অনেক কমিশনার সংকটময় মুহূর্তে রাজপথে সক্রিয় ছিলেন না। দলীয় প্রধানের বারবার আহ্বান সত্ত্বেও তাদের নীরবতা তৃণমূল নেতাকর্মীদের মনে গভীর ক্ষোভ, বেদনা ও হতাশার জন্ম দিয়েছিল। পদ ছিল অটুট, কিন্তু প্রতিবাদের কণ্ঠ ছিল স্তব্ধ—এমন পরিস্থিতি দলের তৃণমূল পর্যায়ে নেতিবাচক বার্তা পৌঁছে দেয় বলে তিনি মন্তব্য করেন।খোলা চিঠিতে নাফী আহম্মেদ সতর্ক করে বলেন, সংকটের সময় অনুপস্থিত থেকেও সুসময়ে সক্রিয় হয়ে ওঠা ব্যক্তিরা যদি আবার অর্থ, প্রভাব ও পেশিশক্তির মাধ্যমে কমিশনার পদে প্রতিষ্ঠিত হন, তবে ত্যাগী ও নিবেদিতপ্রাণ কর্মীদের মনোবল ভেঙে পড়বে। এতে সংগঠনের নৈতিক ভিত্তি দুর্বল হওয়ার পাশাপাশি দলের প্রতি সাধারণ কর্মীদের আস্থা কমে যেতে পারে।তিনি আরও বলেন, সংগঠনের প্রকৃত শক্তি মাঠপর্যায়ের নির্লোভ ও আদর্শনিষ্ঠ কর্মীরা, যারা পদ-পদবির প্রত্যাশা না করে দীর্ঘদিন ধরে দলীয় আদর্শ ধারণ করে কাজ করে যাচ্ছেন। তাদের উপেক্ষা করে সংকটকালের নীরব ব্যক্তিদের পুনর্বাসন সংগঠনের জন্য ভুল বার্তা বয়ে আনবে এবং ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।চিঠিতে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন যে, কমিশনার মনোনয়নের ক্ষেত্রে ত্যাগ, সাহস, নৈতিক অবস্থান, রাজনৈতিক পরীক্ষিত ভূমিকা এবং দলের প্রতি আনুগত্যকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। কারণ ইতিহাস স্মরণ রাখে—কে সংকটে সামনে ছিল, আর কে নিরাপদ দূরত্বে অবস্থান করেছে।চিঠির শেষাংশে নাফী আহম্মেদ উল্লেখ করেন, এই খোলা চিঠি কোনো অভিযোগ নয়; বরং অতীতের শিক্ষা থেকে ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণে একটি আগাম সতর্কবার্তা। তিনি আশা প্রকাশ করেন, দলের নেতৃত্ব এমন সিদ্ধান্ত নেবে যা তৃণমূল কর্মীদের অনুপ্রাণিত করবে এবং সংগঠনের আদর্শিক ভিত্তিকে আরও সুদৃঢ় করবে।স্বাক্ষরিত:মো. নাফী আহম্মেদযুগ্ম আহ্বায়ক, বনানী থানা বিএনপিঢাকা মহানগর উত্তর বিএনপি
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর